সরকারের অন্যায় আদেশ পালনে ‘রাষ্ট্রের কর্মী’ বাধ্য নন: চিফ প্রসিকিউটর
সরকার কোনো অন্যায় আদেশ পালন করতে বললে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা তা মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আট পুলিশ সদস্যের সাজার রায় ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
এক সাংবাদিক জানতে চান, পুলিশকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। অনেকের আপত্তিও আছে যে, তারা আসলে কী করবে। এই সাজা পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে কী বার্তা দেয়?
জবাবে তাজুল ইসলাম বলেন, ‘এই মেসেজটা হচ্ছে সবার জন্য। সরকারের কোনো অন্যায় আদেশ পালন করতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা-কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে।’
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অবলাইড নন যে আপনি সেটা করবেন। কারণ আপনার প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে আদালতের কাঠগড়ায়।’