সাগরে ভাসমান ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ভাসমান ২০ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে কুতুবদিয়ার অদূরে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ জেলেদের উদ্ধার করে।
জেলেদের বরাতে নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়।
পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ভোর ৪টার দিকে অপর একটি ট্রলারযোগে ১০–১২ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে এবং ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়।
খবর পেয়ে সকাল ৬টায় জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পায় নৌবাহিনীর জাহাজ
‘বানৌজা সুরমা’।
সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’ বোটটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার বোটটি ২০ জন মাঝিমাল্লাসহ দ্রুত উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ দেশের সমুদ্র সীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।