Search

Search

ভোট প্রার্থনায় বিএনপি প্রার্থীর চীনা স্ত্রী

ওয়াং লিনা | ছবি: স্টার নিউজ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকারের নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার চীনা বংশোদ্ভূত স্ত্রী ওয়াং লিনা। নির্বাচনী প্রচারণায় তিনি নিয়মিত মুখ হ‌য়ে উঠেছেন। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তৃতাও।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে নিজেই পোস্ট করেছেন জা‌কির হোসেন সরকার।

সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘কোনোকালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়লক্ষ্মী নারী।’

৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে লিনা‌কে ভাঙা ভাঙা বাংলায় বলতে শোনা যায়, ‘আমার হাজবেন্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে আর সমস্যা নেই। আপনারা সবাই আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার জা‌কির হোসেন সরকারকে ধানের শীষে ভোট‌ দেন।’

গতকাল মঙ্গলবার রাতে জা‌কির হোসেন সরকারের ভে‌রিফাইড ‌ফেসবুকে পোস্ট করা ভি‌ডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভা‌সিয়েছেন নে‌টিজেনরা।

প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী জা‌কির হোসেন সরকার কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব। তি‌নি বিএস‌সি ইন্জি‌নিয়ার (বুয়েট)। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সরকার স্টীলের মা‌লিক এই শিল্পপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কু‌ষ্টিয়া-৩(সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শী‌ষ প্রতীক নিয়ে এম‌পি নির্বাচন করেন। ‌সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হা‌নিফ।

সম্পর্কিত খবর :