Search

Search

পদ্মা সেতুর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: স্টার নিউজ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার নাম নাইম (২২)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। এ সময় সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। পরে আজ দুপুরে মরদেহটি পাওয়া যায়।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।

নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। তার মরদেহ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর :