‘মোবাইলে নাটক-গানের শব্দ সহ্য না হওয়ায়’ হত্যা করা হয় মা-মেয়েকে
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গত ১৯ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১০ দিন পর আলী হোসেন (২৮) নামে একজনকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
তিনি জানান, মোবাইলে নাটক-গানের শব্দ সহ্য করতে না পেরে কাঠের ডাসা দিয়ে হত্যা করা হয় মা ও মেয়েকে।
পুলিশ সুপার বলেন, ‘রাজানগর এলাকার একটি টিনের ঘরে মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মরিয়মকে নিয়ে থাকতেন আমেনা বেগম। তার স্বামী থাকতেন বরিশালে। তিনি পেশায় দিনমজুর। ঘটনারদেড় বছর আগে পাশের কক্ষে ভাড়ায় ওঠেন একই উপজেলার সৈয়দপুর এলাকার আলী হোসেন।
মেয়ের সঙ্গে সামান্য রাগারাগির শব্দ কিংবা মোবাইলে নাটক-গানের শব্দও সহ্য হতো না পাশের ঘরে থাকা আলীর। এ নিয়ে প্রায়ই রাগারাগি করতেন নিহত আমেনা বেগমের সঙ্গে।
ঘটনার দিন সকালে মেয়েকে নিয়ে ঘরে ছিলেন আমেনা। মেয়ের মাদ্রাসায় যেতে দেরি হওয়ায় চিল্লাচিল্লি করতে থাকেন তিনি। এ সময় বিরক্ত হয়ে আলী ঘরে ঢুকে আমেনা বেগমেক (৩২) কাঠের ডাসা দিয়ে রক্তাক্ত করে মৃত্যু নিশ্চিত করেন। পাশে থাকা আট বছর বয়সী মেয়ে মরিয়ম বাঁধা দিলে তাকেও ওই ডাসা দিয়ে হত্যা করে পালিয়ে যান আলী। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
একই দিন রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার বিকেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।