মাগুরায় ইটভাটার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় শাহী দরবার ব্রিকস নামের একটি ইটভাটার ক্লিনের দেয়াল ধসে সালমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সালমান শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমান প্রতিদিনের ন্যায় তার স্ত্রীসহ ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ক্লিনের একটি দেয়াল ভেঙে তার উপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। আধা ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহী দরবার ব্রিকসের পরিচালক সিদ্দিকীকুর রহমান জানান, দুপুরে হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি একজন শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে আছেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম।