কার্ডের মাধ্যমে ২ হাজার টাকার লোভ দেখিয়ে ভোট কেনা হচ্ছে: আসিফ মাহমুদ
একটি দল জাতীয়তাবাদের কথা বলে, অথচ তাদের প্রার্থীদের একটি বড় অংশ বিদেশি নাগরিক। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বোকা নয়, এখন মানুষ সব কিছু দেখে। তাদের পিছিয়ে দেয়ার পরিকল্পনা সফল হবে না।
সোমবার (২৬ জানুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জে আসিফ মাহমুদ এ কথা বলেন।
আসিফ বলেন, 'আগে ৫০০ একহাজার টাকা দিয়ে ভোট কেনা হতো, এখন কার্ডের মাধ্যমে দুই হাজার টাকার লোভ দেখিয়ে ভোট কেনা হচ্ছে। আমরা মিডিয়া ও সকল প্রতিষ্ঠানকে আবার দলীয়করণ হতে দেখছি'।
তিনি বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, শেখ হাসিনা নাকি পালিয়ে গিয়ে তাদের বিপদে ফেলে গেছে। তার লজ্জাজনক এই বক্তব্য প্রমাণ করে কেন এতো বছর শেখ হাসিনাকে শূলে চড়ানো সম্ভব হয়নি'।
এসময় আসিফ আরও বলেন, 'ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী বিএনপি নেই। তারা বিদেশবাদী বিএনপিতে পরিণত হয়েছে'।