ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুটি দেশীয় ওয়ান শ্যুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এসব সরঞ্জাম উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুটি দেশীয় ওয়ান শ্যুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, র্যাবের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধার অস্ত্র-কার্তুজ সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।