জামালপুরে ১৩০০ বোতল ভারতীয় মদসহ আটক ৩
১৩০১ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব- ১৪, সিপিসি-১। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানান।
এর আগে, গতকাল শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব মাদক আটক করে র্যাব।
কোম্পনী কমান্ডার জানান, শেরপুরের মোকসেদপুর থেকে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ট্রাকে পরিবহনকৃত ৫০টি বস্তায় ১৩০০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দ হওয়া মদ ও ট্রাকের আনুমানিক মুল্য ১ কোটি টাকার বেশি।
এসময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসান ও নুরুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।