ত্রয়োদশ সংসদ নির্বাচন
শীর্ষ ১০ কোটিপতি প্রার্থীর ৭ জনই বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে শীর্ষ ১০ কোটিপতি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই তালিকাটি তৈরি করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে হলফনামার বিশ্লেষণ উপস্থাপন করে সংস্থাটি।
তালিকায় দেখা যায়, শীর্ষ ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন বিএনপির ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
শীর্ষ ৩ কোটিপতি প্রার্থী তালিকায় সবার উপরে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৫৯৯.৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান। তার সম্পদের পরিমাণ ৪১৪.১ কোটি টাকা। তৃতীয় স্থানে আছেন বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার মোট অস্থাবর সম্পদ ২৫০.১৬ কোটি টাকা।
তালিকায় স্থান পাওয়া অন্য প্রার্থীরা হলেন- কুমিল্লা-৮ বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার সম্পদ ২৩২.২ কোটি টাকা। ফেনী-৩ বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তার সম্পদ ১৯৯.৯১ কোটি টাকা। শরীয়তপুর-২ বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান (কিরন)। তার সম্পদ ১৬১.৩৪ কোটি টাকা। টাঙ্গাইল-২ স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তার সম্পদ ১৬০.৩৩ কোটি টাকা। শরীয়তপুর-২ স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান। তার সম্পদ ১৫৯.২৯ কোটি টাকা।
ঢাকা-৭ বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার সম্পদ ১১৬.৮৪ কোটি টাকা। ঢাকা-৮ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তার সম্পদ ১০৯.৩৬ কোটি টাকা।
এদিকে প্রকাশিত এই শীর্ষ ১০ জনের তালিকায় ৭ জন বিএনপির দলীয় প্রার্থী এবং বাকি ৩ জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন। প্রার্থীদের এই বিশাল পরিমাণ অস্থাবর সম্পদের হিসাব নির্বাচন কমিশন ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রার্থীদের হলফনামায় জমা দেওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।