বিশ্বের দূষিত শহরের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় বেশ কিছু দিন ধরেই প্রথমদিকে থাকছে বাংলাদেশের রাজধানী। বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ছিল ২৭৪। বায়ুমানে যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে মিশরের কায়রো। এই শহরের স্কোরও ২৭৪। ভারতের দিল্লির অবস্থান তৃতীয়, এই শহরের স্কোর ছিল ১৮১।
কয়েকদিন ধরে রাশিয়ার ক্রাসনোইয়ারস্কেও বায়ুদূষণ বেড়েছে। ১৭৮ স্কোর নিয়ে শহরটির অবস্থান আজ চতুর্থ। আর মঙ্গোলিয়ার উলানবাটরের অবস্থান পঞ্চম, এই শহরের স্কোর ছিল ১৭৭।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।