যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠক আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান জেলেনস্কি।
তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত।’
এই অর্থনৈতিক পুনরুদ্ধার চুক্তি কিয়েভ-সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আগের একটি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়া-যে পরিকল্পনাকে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল বলে মনে করা হয়েছিল।