Search

Search

সাদ্দাম ইস্যুতে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’

প্রতীকী ছবি | সংগৃহীত
দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ ও ফোন করে গালাগাল-হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...’ ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যাবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি....’ তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানোস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....।’

ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র স্টার নিউজকে নিশ্চিত করেছে। এছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে এ ভিডিও ছাড়া হচ্ছে।

বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার বিষয়টি স্টার নিউজের কাছে স্বীকার করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এছাড়া জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা ক্ষতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া বাগেরহাট-২ এর সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে বিষয়টি অমানবিক বলে দাবী করেন তিনি।

সম্পর্কিত খবর :