চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের পথসভায় হামলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী পথ-সভায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জামায়াতের কর্মীদের বিএনপির কার্যালয়ের ছবি তোলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাখরোলী বাজারে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা শুরু হওয়ার আগমুহূর্তে ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীরা বিরোধে জড়ান। এ সময় ধস্তাধস্তি করে সেখানে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের পাহারায় সেখানেই পথসভা করেন জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী।
বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম জানান, বিএনপির ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন কর্মী পথসভার ঠিক আগমুহূর্তে হামলা চালায়। এতে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়। জামায়াতের কয়েকজন কর্মীও আহত হন বলে তিনি দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী বলেন, ‘আমরা গণতন্ত্র ও আচরণবিধি মেনে নির্বাচনী পথসভা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ গণতন্ত্রের সহনশীলতা মেনে নিতে পারছেন না। আপনারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করে এই ধরনের সহিংসতা ও বর্বরতার প্রতিবাদ জানাবেন।’
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘দুই দলেরই পাশাপাশি অফিস। জামায়াত কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত লাইট জ্বালিয়েছে এবং আমাদের অফিসের ছবি তুলছিল। এ নিয়েই মূলত বিরোধের সৃষ্টি হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে বিরোধের এক পর্যায়ে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।