Search

Search

আওয়ামী লীগ ইন্ডিয়ান মাল: সালাহউদ্দিন

ছবি: স্টার নিউজ
বাংলাদেশে আওয়ামী লীগকে ‘ইন্ডিয়ান মাল’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ইন্ডিয়ান মাল হিসেবে ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গিয়েছে। এখন নতুন করে আবার পাকিস্তানি মাল এ দেশে আসবে নাকি?’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বরইতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ নামের একটি পার্টি ছিল। পরে এটি মাফিয়া পার্টি ও ফ্যাসিবাদী পার্টিতে পরিণত হয়েছিল, বাংলাদেশের বিপক্ষের শক্তিতে পরিণত হয়েছিল। এই দলটি একটি রাজনৈতিক শক্তি কিংবা কোনো রাজনৈতিক দল ছিল না। উৎপাদিত পণ্যের পেছনে যেমন লিখা থাকে মেইড ইন বাংলাদেশ তেমনি আওয়ামী লীগ মেইড ইন ইন্ডিয়া।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের দল স্বাধীনতার পক্ষের দল এবং উন্নয়নের দলের নাম বিএনপি। যদি আমরা ফ্যাসিবাদের উত্থান না চাই তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যেন এই দেশে আর কোনো দিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।’

তিনি বলেন, ‘এ দেশের গরীব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। যদি আমাদের মানুষের স্বাস্থ্য ভালো থাকে তাহলে জাতীয় স্বাস্থ্য ভালো থাকবে। কৃষকেরা এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকের মেরুদণ্ড শক্ত হলে জাতীয় মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার জনগণের সামনে উন্মুক্ত করেছি। এই উন্নয়ন বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অসংখ্য নেতাকর্মী।

এদিকে সালাহউদ্দিন আহমদ আজ দ্বিতীয় দিনের মতো (কক্সবাজার ১) আসনের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ও বরইতলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং বেশ কয়েক'টি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর :