রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর
রাঙ্গামাটির মানিকছড়িতে চাল বোঝাই ট্রাক উল্টে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গিয়ে অটোরিকশার যাত্রী মনিরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মানিকছড়িতে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের পাশে এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন রাঙ্গামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।
নিহত মনিরা বেগম মানিকছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চাল বোঝাই ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। তখনঅটোরিকশায় থাকানারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া নারী এবং অটোরিকশাটি উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।