চুরি ও মাদকের থাবার প্রতিবাদে তেলিগাতী বাজার ব্যবসায়ীদের ধর্মঘট
চুরি ও মাদকের ভয়াবহ বিস্তারে অতিষ্ঠ হয়ে নেত্রকোণার তেলিগাতী বাজারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর থেকে বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়।
জানা যায়, নেত্রকোণারজেলার আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে একযোগে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাজারের ব্যবসায়ীরা জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর থেকে বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়। বণিক সমিতির প্রায় ৭০০ ব্যবসায়ী এই কর্মসূচিতে অংশ নেন। ফলে সাপ্তাহিক হাটবারেও খুচরা ও পাইকারি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একদিনের ধর্মঘটেই ব্যবসায়ীরা কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েন। তবে ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে মাদকের ভয়াবহ বিস্তার থাকলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় চুরি ও অপরাধ বাড়ছে। বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চুরি ও মাদক নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শুক্রবার বিকাল থেকে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
তবে ব্যবসায়ীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন-প্রশাসনের আশ্বাস বাস্তবে রূপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
উল্লেখ্য, তেলিগাতী বাজারটি জেলার তিনটি উপজেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং নেত্রকোনা ছাড়াও ময়মনসিংহ পর্যন্ত এর বাণিজ্যিক কার্যক্রম বিস্তৃত।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘গরুর বাজারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অথচ এই শতবর্ষী বাজারে কোটি টাকার বাণিজ্য হলেও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। মাদকের কারণে পুরো বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে, কিন্তু এসব নিয়ে কারও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এক রাতেই তিনটি দোকানে চুরি হয়েছে। এত বড় বাজার হওয়া সত্ত্বেও প্রশাসনের নজর নেই। তাই বাধ্য হয়েই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রশাসনের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছি।’