সাতক্ষীরায় টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’
সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, টিকটক করতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম ফারহানা খাতুন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার খোকনের মেয়ে।
পরিবার বলছে, গত দেড় বছর আগে ফারহানা ও মানিকের বিয়ে হয়। কিন্তু স্বামী ও শাশুড়ির কথা না শুনে প্রায়ই সে বাড়িতে টিকটক করত। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ফারহানা টিকটক করতে চাইলে তার স্বামী ও শাশুড়ি বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাড়িতে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারহানা। বউমাকে খুঁজে না পেয়ে তার শাশুড়ি ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফারহানা ফ্যানের সঙ্গে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান গৃহবধূ ফারহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।