এখনও লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু
নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'গতকালও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বড় দল, ছোট দল, মাঝারি দল-এমন বিভেদ করবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছেন। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবো।'
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, 'জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যমত্য কমিশনে এসব নিয়ে আমরা দাবি তুলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে।'
তিনি বলেন, 'আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতা যান তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না মানতেও পারেন। উনারা অনেকে না-ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছি গণভোটে যেন সকলে হ্যাঁ-ভোট দেন'।