চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলার অভিযোগ
নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, ‘সকালে আমার নির্বাচনী এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পান কর্মী-সমর্থকরা। ধারনা করা হচ্ছে, রাতের অন্ধকারে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এমন ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জামায়াত প্রার্থী বুলবুল আরও বলেন, ‘ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, ‘এ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. ফজলুর ইসলাম খাঁন।