নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে গণভোটে ‘না’ বলায় হট্টগোল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালে মঞ্চের সামনে ও আশপাশে জড়ো হওয়া ব্যক্তিরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিজের নিরাপত্তা-হীনতার কথা জানান ঐ প্রার্থী।