স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাগেরহাটে বিএনপির দুই নেতা বহিষ্কার
বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হওয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট-১ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কপিল কৃষ্ণ মণ্ডল। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তাকে নিয়ে বিতর্ক ছিল। কারণ তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতীক নিয়ে বাগেরহাট-৪ আসনে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোমনাথ দে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে জাতীয় পার্টির সাবেক এই নেতাকে নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আর সব শেষ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ৫ আগস্টের পরে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।