৪০ কেজি দুধ দিয়ে গোসল করে স্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়লেন ইজিবাইকচালক
নিজের স্ত্রীকে সবকিছু দিয়েও সংসারে ধরে রাখতে না পেরে সহায় সম্বল সব হারিয়েছেন ঝিনাইদহের রাজ্জাক মণ্ডল নামে ব্যক্তি। স্ত্রীর প্রতারণায় নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ তার। প্রতারণার পরে স্ত্রীর সঙ্গে আইনগতভাবে বিবাহবিচ্ছেদও হয়েছে। রাজ্জাক মণ্ডলের দাবি, বিবাহবিচ্ছেদের পর তিনি দায়মুক্ত হয়েছেন। আর সেই ক্ষোভের জেরে ৪০ কেজি গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা রাজ্জাক মণ্ডল (৪২)। তিনি পেশায় ইজিবাইকচালক। চার বছর আগে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের পরে স্ত্রীকে স্বর্ণের গহনা, নগদ টাকা এবং নিজের গবাদিপশু উপহার দেন। সংসার ভালোই চলছিল রাজ্জাকের। কিছুদিন আগে তার স্ত্রী সংসার করার জন্য রাজ্জাক মণ্ডলকে নতুন করে কিছু শর্ত দেন।
সেসব শর্ত না মানায় স্ত্রী তাকে তালাক দেন। পাশাপাশি রাজ্জাক মণ্ডলের দেওয়া স্বর্ণ, গহনা, নগদ টাকাও নিয়ে যান। এ ঘটনায় মনের কষ্টে এক মন দুধ দিয়ে গোসল করে নিজের ভুলের জন্য মনের ক্ষোভ প্রকাশ করেন রাজ্জাক মণ্ডল।
রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, ‘আমি রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী। আমাদের তিনটি সন্তান রয়েছে। তারপরও ৪ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়ে দিয়েছেন তিনি। কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পরে দ্বিতীয় স্ত্রী আমার স্বামী রাজ্জাক মণ্ডলকে ছেড়ে চলে গেছে।’
প্রতিবেশী গনজের মিয়া জানান, রাজ্জাক মণ্ডলের দ্বিতীয় স্ত্রী পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তালাক দিয়েছে বলে শুনেছি। তবে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এলাকায় প্রথম।
রাজ্জাক মণ্ডল বলেন, ‘আমি সংসার টিকিয়ে রাখতে সবকিছু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার স্বীকার হয়েছি। আমার দ্বিতীয় স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আমার সহায় সম্পদ লুটে নিয়ে সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি আজ নিঃস্ব। মনের কষ্টে দুধ দিয়ে গোসল করে পাপমুক্ত হলাম।’