হাতিয়াকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সংকট ‘নদীভাঙন’ রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আধুনিক ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে এই দ্বীপ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে একে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের দীর্ঘদিনের সমস্যাগুলো নোট করে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়াহবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।’
মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের জীবনমান সহজ করতে আমরা “ফ্যামিলি কার্ড” ও “হেলথ কার্ড”সহ বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করব।’
নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা নির্বাচনের দিন সকালেই কেন্দ্রে যাবেন এবং নিজের ভোট নিশ্চিত করবেন। ভোটের অধিকার ও ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। রাষ্ট্র পরিচালনায় গেলে এ দেশের জনগণই হবে সকল ক্ষমতার মালিক। নির্বাচনের পর আমি নিজে আপনাদের মাঝে সশরীরে আসব এবং আপনাদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলব।’
জনসভায় নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘আপনারা উনাকে বিজয়ী করুন, আপনাদের এলাকার উন্নয়নের সকল দায়িত্ব আমরা গ্রহণ করব, ইনশাআল্লাহ।’
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি যুবদল যুবদল নেতারা।