Search

Search

শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সাবিনা-কৃষ্ণারা

সাবিনা-কৃষ্ণার ঝলকে টানা জয় বাংলাদেশের | ছবি: সংগৃহীত
সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। দুই গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকারের অসাধারণ নৈপুণ্যে শ্রীলংকা নারী ফুটসাল দলকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২১ জানুয়ারি) ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে এটি ছিল বাংলাদেশের চতুর্থ ম্যাচ। এই জয়ে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত নারী ফুটসাল দল।

ম্যাচের শুরুতে ১২তম মিনিটে শ্রীলংকা এগিয়ে যায় এবং কিছু সময় পর ব্যবধান দ্বিগুণ করে। তবে ১৮তম মিনিটে কৃষ্ণার সঙ্গে এক-দুই খেলায় দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে কৃষ্ণার কাটব্যাক থেকে গোল করে সমতা ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়া বাঁ পায়ের নিখুঁত শটে লিড এনে দেন। ৩৫তম মিনিটে সাবিনার পাসে কৃষ্ণা করেন চতুর্থ গোল। তিন মিনিট পর সাবিনার ক্রস থেকে ফিরতি বলে গোল করেন মাসুরা পারভীন। ম্যাচের শেষ মিনিটে সাবিনার দৃষ্টিনন্দন পাসে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণা।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটান নারী ফুটসাল দল-এর সঙ্গে ৩-৩ ড্র এবং তৃতীয় ম্যাচে নেপাল নারী ফুটসাল দল-কে ৩-০ গোলে হারায় তারা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে আগামী শুক্রবার পাকিস্তান নারী ফুটসাল দল-এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সম্পর্কিত খবর :