অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের ঝলক, জমে উঠল টুর্নামেন্ট
‘হ্যাপি স্ল্যাম’ নামে পরিচিত অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরটি শুরু থেকে খুব একটা জমেনি। মানসম্মত ম্যাচের অভাব আর উত্তেজনাহীন দ্বিতীয় সপ্তাহ নিয়ে দর্শকদের মধ্যে ছিল অসন্তোষ। তবে টুর্নামেন্টের ১৩তম দিনে এসে বদলে গেল দৃশ্যপট।
শুক্রবার (৩০ জানুয়ারি) প্রথম পুরুষ সেমিফাইনালে কার্লোস আলকারাজের দুর্দান্ত লড়াইয়ে আলেক্সান্ডার জভেরেভকে হারানো ম্যাচটি শুরুতে দিনের মূল আকর্ষণ বলে মনে হচ্ছিল। কিন্তু সব আলো কেড়ে নিলেন নোভাক জোকোভিচ।
৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জানিক সিনারকে হারিয়ে ক্যারিয়ারের অন্যতম বিস্ময়কর জয় তুলে নেন। এই জয়ে জোকোভিচের এককভাবে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও টিকে রইল।
দীর্ঘদিন উত্তেজনাহীন থাকা টুর্নামেন্টে এই দুই সেমিফাইনাল ফিরিয়ে এনেছে নাটকীয়তা। মধ্যরাত পেরিয়ে দেড়টা পর্যন্ত চলে জোকোভিচ–সিনার লড়াই। ম্যাচ শেষে জয়ী হন জোকোভিচ। আর তাতেই মেলবোর্ন পার্কজুড়ে উল্লাসে মাতেন সার্বিয়ান সমর্থকেরা।
শেষ পর্যন্ত জোকোভিচই প্রমাণ করলেন-বড় মঞ্চে আলো নিজের দিকেই টেনে নিতে তিনি এখনো অতুলনীয়।