গণভোটে ‘হ্যাঁ’–‘না’ প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা, ইসির নির্দেশনা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অনুষ্ঠিতব্য গণভোটে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি ‘হ্যাঁ’ কিংবা ‘না’—কোনো পক্ষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার সুযোগ থাকবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্বাচন কমিশন জানায়, ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা ও রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, (সকল) ও রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।