Search

Search

এপস্টিন ফাইলের ৩০ লাখ নথিতে বার বার ট্রাম্পের নাম

জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের | ছবি: সংগৃহীত

বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের লাখ লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত বছরই ওই ফাইল প্রকাশের আইনি বাধ্যবাধকতা ছিল। তবে শুক্রবার মার্কিন সরকার ৩০ লাখ নথি, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও প্রকাশ করে। এটি এখন পর্যন্ত এপস্টিন ফাইলের প্রকাশিত সবচেয়ে বেশি নথি।

এই নথি ছয় সপ্তাহ আগেই প্রকাশ করার কথা ছিল। এ জন্য একটি আইনে সইও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্ধারিত সময়ের মধ্যে এপস্টিন সংক্রান্ত এসব নথি প্রকাশ করতে ব্যর্থ হয় মার্কিন বিচার বিভাগ।

শুক্রবার ওই নথি প্রকাশের পর মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, এটা মার্কিন জনগণের প্রতি স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিধিবিধান মেনে চলার লক্ষ্যে পরিচালিত একটি অত্যন্ত বিস্তৃত নথি শনাক্তকরণ ও পর্যালোচনা প্রক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে।

নথিগুলোতে এপস্টিনের কারাগারে থাকার সময়কার তথ্য ও তার মৃত্যুর বিবরণ রয়েছে। পাশাপাশি তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের তদন্ত সংক্রান্ত নথিও অন্তর্ভুক্ত আছে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টিনকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হন।

এছাড়া এতে এপস্টিন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে চালাচালি হওয়া ইমেইলের তথ্যও রয়েছে। অনেক নথি এক দশকেরও বেশি পুরোনো। ২০০৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরীর কাছ থেকে যৌন সুবিধা চাওয়ার অভিযোগে এপস্টিন দোষী সাব্যস্ত হন।

এদিকে বিবিসি জানিয়েছে, নতুন প্রকাশিত নথিতে শত শত বার ট্রাম্পের নাম এসেছে। এপস্টিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব ছিল। কিন্তু বেশ কয়েক বছর আগে তাদের বন্ধুত্বে চিড় ধরে। পরবর্তীতে এপস্টিনের যৌন অপরাধ প্রকাশ্যে এলে ট্রাম্প বার বার দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না।

সম্পর্কিত খবর :