চীন-কানাডা বাণিজ্য চুক্তি
চটেছেন ট্রাম্প, ১০০ শতাংশ শুল্কের হুমকি
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তিতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর আগে, চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা ও চীন প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় বাণিজ্য প্রতিবন্ধকতা এবং শুল্ক কমানোর বিষয়ে সমঝোতা হয়।
প্রাথমিক সমঝোতা অনুযায়ী, কানাডা সর্বোচ্চ ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ি সর্বাধিক সুবিধাভোগী দেশের জন্য নির্ধারিত ৬ দশমিক ১ শতাংশ শুল্কহারে নিজেদের বাজারে প্রবেশের অনুমতি দেবে। এর বিনিময়ে চীন কানাডার ক্যানোলা বীজের ওপর শুল্ক কমিয়ে প্রায় ১৫ শতাংশে নামিয়ে আনবে।
মাত্র এক সপ্তাহ আগে এই চীন–কানাডা চুক্তিকেই সমর্থন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেছিলেন, চীনের সঙ্গে চুক্তি করা কার্নির জন্য ভালো সিদ্ধান্ত এবং সেটাই করা উচিত।
এর আগে ২০২৫ সালের আগস্টে ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন। যদিও কানাডা–যুক্তরাষ্ট্র–মেক্সিকো চুক্তির আওতায় কানাডার বেশিরভাগ রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয় না। তবে ইস্পাত, তামা এবং কিছু গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের শুল্কের আওতায় পড়ে।
কানাডার বিরুদ্ধে নতুন এই শুল্ক হুমকির আগে মার্ক কার্নিকে নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক কানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার লেখেন, ‘চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোড়জোড় নেই।’ তিনি জানান, গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটি ‘শুল্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান।’
এ মন্ত্রী জানিয়েছেন, কানাডার নতুন সরকার কানাডার অর্থনীতি শক্তিশালী করছে। যার পরিকল্পনা হলো দেশে এবং বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব শক্তিশালী করা।
গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এর আগে থেকেই কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছিলেন তিনি। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।