Search

Search

কারাগারে প্রেমে পড়েন দুই খুনি, বিয়ের জন্য পেলেন জরুরি প্যারোল

প্রিয়া শেঠ এবং হনুমান প্রসাদ | ছবি: সংগৃহীত
কারাগারে একসঙ্গে কাটানো সময় থেকে প্রেমের গল্পের শুরু, আর তার পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। রাজস্থান হাইকোর্ট সাজাপ্রাপ্ত খুনি জুটিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় শুক্রবার তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হত্যা মামলার আসামি প্রিয়া শেঠ পেশায় একজন মডেল। ডেটিং অ্যাপে পরিচিত যুবককে হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে তিনি জয়পুরের সাঙ্গান এলাকার ওপেন জেলে সাজা ভোগ করছেন।

এনডিটিভি জানিয়েছে, ছয় মাস আগে ওই জেলেই হনুমান প্রসাদের সঙ্গে প্রিয়া শেঠের পরিচয় হয়। সেখান থেকেই আলাপ এবং পরবর্তী সময় প্রেমের শুরু। দুইজনেই দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও একে অপরকে বেছে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর বিয়ের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালের মে মাসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব করেন প্রিয়া শেঠ। এরপর তার প্রেমিক দিক্ষান্ত কামরা ও আরেক সহযোগীর সহায়তায় ওই যুবককে অপহরণ করেন। পরিকল্পনা ছিল অপহরণ করে মুক্তিপণ আদায়। মুক্তিপণের একটি অংশ পেয়েছিলও তিনি। কিন্তু ধরা পড়ার আশঙ্কায় ওই যুবককে হত্যা করা হয়। পরে তার মরদেহ সুটকেসে ভরে পাহাড়ে নিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পর প্রিয়া শেঠসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে হনুমান প্রসাদ পাঁচটি হত্যাকাণ্ডে দণ্ডিত। ২০১৭ সালের ২ অক্টোবর তিনি তার প্রেমিকার নির্দেশে প্রেমিকার স্বামী ও চার শিশুকে হত্যা করেন। ঘটনাটি আলওয়ারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

দুই আসামির বিয়ের জন্য প্যারোল দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আদালত জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জরুরি প্যারোল দেওয়া হয়েছে তাদের।

বিয়ের অনুষ্ঠান শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হবে।

সম্পর্কিত খবর :