মুদ্রার মানে রেকর্ড পতন
ইরানে ১ ডলারের দাম এখন ১৫ লাখ রিয়াল
সম্প্রতি ইরানজুড়ে অস্থিরতা ও আর্থিক সংকটের মাঝেই দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বিভিন্ন ইরানি মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক মার্কিন ডলারের বিপরীতে এর মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।
মঙ্গলবার তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে ডলারের বিপরীতে রিয়ালের এই রেকর্ড দরপতন দেখা যায়।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, ‘স্বাভাবিকভাবে চলছে দেশের মুদ্রাবাজার। প্রায় একমাস আগে ডলারের বিপরীতে রিয়ালের মান ১৪ লাখে নামায় বিক্ষোভ শুরু হয় দেশটিতে। মূল্যস্ফীতির সেই বিক্ষোভ সরকারবিরোধী বিক্ষোভে রুপ নিলেও তা থেমে যায়। জ্বালানি খাতসহ আর্থিক নানা নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তেহরান এখনও স্থানীয় মুদ্রার মান নিয়ে বিপাকে।’
গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নামেন। ইরানি নিরাপত্তা বাহিনী কঠোরভাবে সেই বিক্ষোভ দমন করে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সেই দমনের প্রকৃত চিত্র এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ইন্টারনেট ব্ল্যাকআউট।
ইরান সরকার জানিয়েছে, এই অস্থিরতায় অন্তত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি নিহতদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।