Search

Search

গানচিলের দুই দশক

সম্মানিত নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমান

গানচিলের দুই দশকের পথচলা উদযাপন | সংগৃহীত
রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হল গতকাল সন্ধ্যায় হয়ে ওঠে স্মৃতি আর সংগীতের মিলনমেলা। নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময়ের কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীতের নেপথ্যের মানুষদের উপস্থিতিতে উদযাপিত হয় দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের দুই দশকের পথচলা।

২০ বছর পূর্তির এই আয়োজনে ছিল অতীতের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনার ঘোষণা। নতুন লোগো ও নতুন ভাবনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার জানায় গানচিল। অনুষ্ঠানে প্রকাশ করা হয় প্রতিষ্ঠানের নতুন মূলমন্ত্র—‘উত্তরাধিকার কখনো অবসর নেয় না, সে নিজেকে নতুন করে আবিষ্কার করে।’

২০০৫ সালের শেষ দিকে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের হাত ধরে যাত্রা শুরু করে গানচিল। সময়ের ধারাবাহিকতায় বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্ব এককভাবে সামলাচ্ছেন আসিফ ইকবাল। দুই দশক পূর্তির এই আয়োজনে তাঁর উদ্যোগেই গানচিলের তিন প্রতিষ্ঠাতা নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। কানাডায় অবস্থান করায় কুমার বিশ্বজিৎ সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলে যুক্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।

সম্মাননা গ্রহণের সময় তিন প্রতিষ্ঠাতার কণ্ঠে উঠে আসে গানচিলকে ঘিরে দীর্ঘদিনের স্মৃতি ও আবেগ। সংগীতের এই যাত্রাপথ নিয়ে সন্তোষ প্রকাশ করে তাঁরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

সম্মাননা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সালমা, কিশোর, মাহাদি, দোলা, কোনাল, নিলয়সহ একাধিক শিল্পী গানচিলের জনপ্রিয় গান পরিবেশন করেন। এসব গানে শ্রোতারা ফিরে যান তাঁদের জীবনের নানা স্মৃতির মুহূর্তে।

গানচিলের যাত্রা শুরু হয় মানসম্মত সংগীতচর্চার লক্ষ্য নিয়ে। প্রথম দিকেই প্রতিষ্ঠানটি শ্রোতাদের উপহার দেয় ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব-রুমির ‘আড্ডা’ ও ‘বিউটির চরণদাসী’ অ্যালবাম। ২০০৮–০৯ সালের দিকে পাইরেসি ও এফএম রেডিও সংস্কৃতির প্রভাবে সংগীতবাজারে ধাক্কা এলেও গানচিলের পথচলা থেমে থাকেনি। ২০১২ সালে অ্যালবাম প্রকাশ সাময়িকভাবে বন্ধ হলেও ২০১৫ সালের পর নতুন উদ্যোগে আবার সক্রিয় হয় প্রতিষ্ঠানটি। আয়োজনের ফাঁকে সেই সময়ের কথাও উঠে আসে মাইক্রোফোনে।

অনুষ্ঠানে গানচিলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান কর্ণধার আসিফ ইকবাল। তাঁর ভাষ্য অনুযায়ী, সামনে আসছে নাটক, গানচিল অরিজিনালস, নতুন গান এবং ‘অদেখা বাংলাদেশ’ নিয়ে নির্মিত ‘পথের গল্প’—যা দর্শক-শ্রোতাদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী মৌ ও আবু হেনা রনি।

আয়োজনের শেষাংশে প্রদর্শিত হয় গানচিল অরিজিনালসের দ্বিতীয় গান ‘ও জান’-এর মিউজিক্যাল ফিল্ম। আসিফ ইকবালের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও পশ্চিমবঙ্গের লিংকন, সংগীতায়োজনেও ছিলেন আভ্রাল সাহির। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নেপালের মুস্তাংয়ের জমসম অঞ্চলে শুটিং করা এই গানে পারফর্ম করেছেন সুনেরাহ বিনতে কামাল ও রেহান।

বড় পর্দায় গানটি প্রদর্শিত হলে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো হল। মঞ্চে উঠে শিল্পী ও কলাকুশলীরা জানান, যত্ন নিয়ে নির্মিত এই গানটি গানচিলের নতুন যাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

সম্পর্কিত খবর :