রূপগঞ্জে বিদেশী পিস্তল ও ২টি পাইপগানসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি পাইপগান, একটি খেলনা পিস্তল ও একটি সর্টগানের কার্তুজসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে কাউসার ও শ্রী সীতরাম দাসের ছেলে শ্রী রবি দাস।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে গোলাকান্দাইর পূর্বপাড়া এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় কাউসারের বাড়ীতে প্রবেশ করলে কাউসার যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে সহ কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে কাউসার ও তার সহযোাগী শ্রী রবি দাসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি পাইপগান, ১টি খেলনার পিস্তল ও একটি সর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।