Search

Search

মুন্সিগঞ্জ-৩ আসনে ২০ ছাত্রদল নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলনে | ছবি: স্টার নিউজ
মুন্সিগঞ্জের গজারিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা পদত্যাগ করেছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু।

পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান এবং গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার।

পদত্যাগকারী নেতারা জানান, তারা দলীয় পদ ছাড়লেও বিএনপির আদর্শচ্যুত হননি এবং প্রয়োজনে আবারও দলে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেবেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশুবলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তৃণমূলের বিপুল জনপ্রিয় জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন সাহেবকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। বিএনপি ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী মহিউদ্দিন সাহেবের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বহিষ্কার করেছেন। এমতাবস্থায় দলীয় পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেজন্য সংবাদ সম্মেলন করে আজ আনুষ্ঠানিকভাবে একযোগে ২০ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা। এ সংক্রান্ত কাগজপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’
গজারিয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাঠে আমরা যাকে পাশে পেয়েছি, আমরা তাকে ছেড়ে যাব না। জননেতা মহিউদ্দিন সাহেবকে বিজয়ী করার জন্য আমরা মাঠে থাকব।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের আন্দোলনের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তবে জেলা ও উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এখন যেভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে, সেটিও বিধিবহির্ভূত বলে তাদের দাবি।

সম্পর্কিত খবর :