প্রথমবারের মতো যশোর যাচ্ছেন তারেক রহমান
প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফ্রেব্রুয়ারি) খুলনায় সমাবেশ শেষে তিনি হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।
সোমবার দুপুর ১২টা থেকে এই নির্বাচনী সমাবেশ শুরু হবে। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু গণমাধ্যমকে বলেন, ‘দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের এই সফরসূচি জেলা বিএনপিকে অবহিত করেছেন। এরপর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই দিনরাত পরিশ্রম করছেন জনসভা সফল করতে।’
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।