Search

Search

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া বিএনপি ও যুবদল নেতা এবং জব্দ হওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম | ছবি: স্টার নিউজ
মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি, চাকু, গাছিদা) এবং মোবাইল ফোনসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, মুন্সি নয়নুজ্জামান নয়নকে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, ‘যৌথ বাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধার করা অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সম্পর্কিত খবর :