Search

Search

বিএনপির ৫০০ নেতাকর্মী এনসিপিতে যোগদানের দাবি হান্নান মাসউদের

ছবি: স্টার নিউজ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন বলে দাবি করেছেন নোয়াখালী-৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে এনসিপির হাতিয়া উপজেলা কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন— পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন। তাদের নেতৃত্বে মোট ৫০০ নেতাকর্মী দলটিতে যোগ দেন।

এ সময় আবদুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ ছাড়া যেকোনো দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা ইতিপূর্বে বিচ্ছিন্নভাবে অনেককে গ্রহণ করেছি; তবে আজ থেকে নিয়মিত যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ ৫০০ নেতাকর্মী এনসিপিতে যোগদান করলেন। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত অধিকাংশ মানুষ আমাদের সঙ্গে শাপলা কলি প্রতীকের সমর্থনে যোগ দেবেন। সবাইকে নিয়ে আমরা স্বপ্নের হাতিয়া গড়ে তুলব।’

তবে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এনসিপির লোকজন মিথ্যা কথা বলছে। মাত্র দুই-তিনজন লোক বিএনপি থেকে যোগ দিয়েছে, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ কেউ নেই। এতে বিএনপির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না।’

এ বিষয়ে মন্তব্য জানতে নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর :