বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বেধে দেওয়া সময়ের মধ্যে বাংলাদেশের জবাব সন্তোষজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
শনিবার (২৪ জানুয়ারি) করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। তবে এখন পর্যন্ত স্কটল্যান্ডকে নেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিকবাজ জানিয়েছে, ইতোমধ্যে স্কটল্যান্ড ক্রিকেটের সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে দুবাইয়ে অবস্থিত আইসিসির সদর দপ্তর।
তবে এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া পায়নি ক্রিকবাজ।
ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং উইন্ডিজের প্রতিপক্ষ এবার স্কটল্যান্ড।