বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দল নেবে আইসিসি
নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসে আইসিসি। সেখানে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ (বুধবার) এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করেই বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ ঠিক করা হবে।
আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এ সভায় আইসিসির প্রতিনিধিতত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।