Search

Search

মির্জা ফখরুলের প্রশ্ন

একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে?

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যে দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা মানুষ হত্যা করেছে, মা বোনদের ইজ্জত নিয়েছে। কিন্তু এসবের জন্য ক্ষমা চায়নি। তারা ভোট চায় কিভাবে?

জামায়াত প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আগে একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপর জনগণের কাছে ভোট চান।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা আমার শেষ নির্বাচন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় উন্নয়ন করতে পারিনি। এবার ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল রংপুরে আমাদের তরুণ নেতা তারেক রহমান বলেছেন, আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে, তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে, সুদসহ মাফ করে দেবেন। আরেকটা কথা বলেছেন, আমার মায়েদের জন্য খুব ভালো একটা খবর, প্রায় সবাই এনজিওর কাছে টাকা ধান নেন। এনজিওর যত টাকা আছে, এটার দায় সরকার নিয়ে নেবে, আমরা যদি সরকার গঠন করতে পারি।’

তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য অনেক পরিকল্পনা করেছেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড পাবে দেশের মানুষ।’ এসব কার্ডের সুবিধার কথাও বর্ণনা করেন মির্জা ফখরুল।

নির্বাচনী সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :