বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ
ঢাকা-১১ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।’
এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।’
নাহিদ বলেন, ‘ঢাকার রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য সব পরিচালিত হয় ঢাকা-৮ কে কেন্দ্র করে। ঢাকা-৮ এর সন্ত্রাসী চাদাবাজদের নির্মূল এবং ওসমান হাদি হত্যার বিচারই নাসীরুদ্দীন পাটওয়ারীর মূল এজেন্ডা। আপনারা তাকে শাপলা কলি মার্কায় ভোট দিবেন।’
সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।’
এ সময় ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা জালেম, জমিদার, চাঁদাবাজ, আধিপত্যবাদী তারাই ওসমান হাদিকে হত্যা করেছে। আমাদের ভাইদের খুন করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে আহ্বান কোন খুনিকে জায়গা দিবেন না। আমরা তার ফাঁসির রায় কার্যকর করতে চাই।’