টিএসসিতে চালু হচ্ছে ‘নাগরিক সেবা কেন্দ্র’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের জন্য টিএসসিতে চালু হতে যাচ্ছে ‘নাগরিক সেবা কেন্দ্র’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হচ্ছে।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের কর্মব্যস্ত জীবনে সরকারি সেবা গ্রহণকে সহজ, দ্রুত ও ভোগান্তিমুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সেবা কেন্দ্র চালু হলে সরকারি সেবা পেতে আর এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হবে না।
এই কেন্দ্রে জন্ম ও মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমি কর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও বিভিন্ন ধরনের কর পরিশোধসহ সরকারের অসংখ্য সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
ডাকসু জানায়, প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই নাগরিক সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
সব প্রস্তুতি সম্পন্ন হলে অতিশীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হবে।
ডাকসুর ক্যারিয়ার ও ডেভলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।