Search

Search

সোহরাওয়ার্দী উদ্যানে টাকা ‘ছিনতাই’, সংশ্লিষ্টতা স্বীকার ঢাবি ছাত্রদল নেতার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান | ফাইল ছবি
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর কাছ থেকে ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতা বিষয়টি স্বীকারও করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্কসংলগ্ন গেটে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীরা হলেন সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। তারা সবাই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রমনার দিকে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের ডেকে বসতে বলেন। কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মিফতাহুল শাহরিয়ার নিয়াজকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার চোখ ও কপালের মাঝামাঝি অংশে গুরুতর জখম হয়। বাকি তিন শিক্ষার্থীকে গাছের ডাল দিয়ে পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তারা।

হামলার সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে আরও ১৫ হাজার টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়।

নগদ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, পাঠানো অর্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল এলাকার একটি স্টেশনারি দোকান থেকে ক্যাশআউট করা হয়। দোকানের সিসিটিভি ফুটেজে রাত ৮টা ৬ মিনিটে সেখানে উপস্থিত হয়ে ক্যাশআউট করতে দেখা যায় অভিযুক্ত আরিফ ফয়সালকে। তিনি রাত ৮টা ৮ মিনিটে ১৫ হাজার টাকা নিয়ে দোকান ত্যাগ করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাআরিফ ফয়সাল

অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযুক্ত ফয়সালকে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এক বন্ধুর অনুরোধে তিনি টাকা ক্যাশআউট করেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে মীমাংসা করেছেন। তবে ছিনতাইয়ে জড়িত অন্যদের নাম-পরিচয় জানাতে অস্বীকৃতি জানান ফয়সাল। তিনি বলেন, ‘কয়েকজন ছিল। কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিছু পরিচিত। বাকবিতণ্ডার মধ্যে ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমি বিষয়টি জানি না। কেউ ছাত্রদল করলেই সে ছাড় পাবে—এমন নয়। ছিনতাইকারী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এ ঘটনায় প্রক্টর অফিসে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি ‘মিউচুয়ালভাবে মীমাংসা হয়েছে’ বলে দাবি করলেও হামলা ও অর্থ লেনদেনসংক্রান্ত প্রমাণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

সম্পর্কিত খবর :