Search

Search

স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

মামলার পর ব্যবস্থাপক গ্রেপ্তার

শারমিন একাডেমি স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া | ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের অভিযোগের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রোববার (১৮ জানুয়ারি) নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামে স্কুলটিতে শিশু নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা এক শিশুকে নিয়ে ঢোকেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। তার হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির অস্থির করছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন মডেল থানায় মামলা করেন শিশুটির মা। মামলায় ‘শারমিন কিন্ডারগার্টেন একাডেমির’ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান ও ব্যবস্থাপক পবিত্র কুমারকে আসামি করা হয়। তারা স্বামী-স্ত্রী।

এদিকে,নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন শিশুটির অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর :