বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজওয়ানা হাসান
বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের আবাসস্থল ধ্বংস। এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসস্থল ধ্বংস, বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও অবৈধ শিকারের কারণে দেশের বহু বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বন্যপ্রাণীর লাল তালিকা হালনাগাদ প্রকল্প’ শীর্ষক অনুষ্ঠানে উপদেষ্টাএ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন,আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা- আইইউসিএন বাংলাদেশের কারিগরি সহায়তায় দেশের বন্যপ্রাণীর রেড লিস্ট হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, 'একদিকে আমরা বন্যপ্রাণীর রেড লিস্ট তৈরি করছি, অন্যদিকে সেই বন্যপ্রাণীর বসবাসের জায়গাই ধ্বংস করছি, যা অত্যন্ত উদ্বেগজনক'।
তিনি আরও বলেন, 'শুধু তালিকা তৈরি করলেই হবে না; বন বিভাগকে দেশের প্রায় ১৮ কোটি মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে একই সঙ্গে বন্যপ্রাণী আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো, অরক্ষিত বন পুনরুদ্ধার এবং বন বিভাগের কার্যক্রম আরও শক্তিশালী করা জরুরি। এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ধীরে ধীরে রেড লিস্টে থাকা বন্যপ্রাণীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে'।