Search

Search

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব গোপনকারীদের রেহাই নেই: ইসি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ | ছবি: সংগৃহীত
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব গোপনকারীদের রেহাই নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। তিনি বলেন, ‘আইনের ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বসহ অন্য কোনো তথ্য গোপন করে এবার নির্বাচনে পার পেয়ে গেলেও পরবর্তীতে ধরা পড়লে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘কোথাও থেকে কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব পদক্ষেপ দরকার, সব নেয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। ভোটের প্রতি অনীহা আছে। পরিবর্তনে সময় লাগবে বলে জানান কমিশনার।’

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই তো আপনারা (প্রার্থীরা) অভিযোগ করতে পারছেন, প্রচার-প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো, এটা কি হতো?’

তিনি আরও বলেন, ‘বিদেশে আচরণ-বিধি লঙ্ঘন করলে দায় ব্যক্তির, ইসির কিছু করার নেই।’

কূটনীতিকরা মূলত দুটি বিষয় নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের কৌতূহল ছিল মূলত— সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ও কমান্ড স্ট্রাকচার। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমরা নির্দিষ্ট করে বলেছি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সংখ্যাগত হিসাব এবং কতজন কোথায় থাকবেন, এসব সম্পর্কে বলা হয়েছে।’

ইসি সচিব জানান, ‘কূটনীতিকদের জানানো হয়েছে, ২৫ হাজার থেকে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা পুলিশের কাছে থাকবে।’

সম্পর্কিত খবর :