Search

Search

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত | ছবি: স্টার নিউজ
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব বাহান (২২)।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারী চালিত ভ্যান যোগে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন পাঁচ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় চার জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তিনিও মারা যান।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ‘ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ‘ফায়ার সার্ভিস দুই দফায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিল। তাদের মধ্যে চার জন আগেই মারা গেছেন। বাকী একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

সম্পর্কিত খবর :