যশোরে ১০ কেজি রুপা ও মদসহ আটক ৪
যশোর নড়াইল মহাসড়কের দায়তলাতে ৬৫ লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ১০ কেজি রুপা, মদসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দায়তলা বাসস্ট্যান্ড এলাকায় আটককৃত ব্যক্তিদের ব্যাগের মধ্যে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় রুপা ও বিদেশি মদ পাওয়া যায়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার ঝিকরা দক্ষণের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় ও একই উপজেলার আলাইপুর গ্রামের নুর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, কেরাগাছি গ্রামের আলফাজ আলীর ছেলে শামীম হোসেন ও যশোর সদরের সাতবাড়িয়ার আজিবরের ছেলে আওয়াল হোসেন।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে রুপা এবং বিদেশি মদ যশোর থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, কিছু দিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ/রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের আটকের জন্য বিজিবির কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।