‘ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে’
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচার সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই একতা সব সময় বজায় থাকবে। গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের খুব বেশি লাভ হয় না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে পরাজিত করতে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবেলা করার দায়িত্ব আপনাদের। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহ করছে তাদের কি আপনারা জয়ী তে দিবেন? সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।’
এ সময় আগামী ২৬ জানুয়ারি শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইসরাইল হোসেন প্রমুখ।