কুমিল্লায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৮
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আহত পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও শিবির নেতা রিফাত সানি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সহসভাপতি সোলেমান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতের জনসভা হয়। দুপুরে সমাবেশ থেকে ফেরার পথে হাটবাইর গ্রামে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ হয়।
এদিকে নেতাকর্মীদের আহতের খবরে তাদের দেখতে হাসপাতালে যান শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘সমাবেশ শেষ করে যাওয়ার পথে আমাদের ভাইরা যে গাড়িতে ছিল তারা সেই গাড়িতে হামলা করে। তাদের হাতে লাঠিসোটা, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা এগুলো দিয়ে আঘাত করে। সেখানে তারা গোলাগুলিও করে। সেখানে ইট ও রডের আঘাতে আমাদের অনেক ভাই আহত হয়। যাদের অবস্থা ক্রিটিকাল ছিল তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
এদিকে চৌদ্দগ্রাম বিএনপি নেতাকর্মীদের দাবি ফেরার পথে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যলা ঘটনাস্থলে পৌছেন। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে।’